ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ মে, ২০২৬, ০৫:২২ বিকাল

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না। জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তা শিগগিরই দৃশ্যমান হবে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দফতরের এনসিকম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‌্যাব ও পুলিশের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাগুলো সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। হামলাকারীরা “উদ্ধত আচরণ” ও “দুঃসাহস” দেখিয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, জঙ্গল সলিমপুরে চলমান অভিযানে ইতোমধ্যে অস্ত্র উদ্ধার ও দাগী আসামি গ্রেফতার করা হয়েছে। ওই এলাকায় পুলিশ একাডেমি, র‌্যাব একাডেমি, ক্রীড়া কমপ্লেক্স ও জেলা কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসনের ঘাটতি ছিল এবং কিছু এলাকায় “রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র” ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। সরকার এখন সেসব এলাকা সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

তিনি আরও বলেন, দেশে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে ছোটখাটো গোলাগুলির ঘটনা ঘটলেও সেগুলো ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমাধান করা হচ্ছে। জাতীয় পর্যায়ে উদ্বেগ তৈরির মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। ধর্মীয় উৎসব ও অনুষ্ঠান নিরাপদে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সাভারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অভিযোগ পেলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া টোল প্লাজায় যানজট কমাতে প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় টোল ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে গাড়িতে ডিজিটাল কার্ড ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়ের ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার।

 

Link copied!