যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা কিছুটা অগ্রসর হলেও এখনই কোনো চূড়ান্ত চুক্তির সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হলেও সমঝোতা সম্পন্ন হওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।
সোমবার (২৫ মে) রাজধানী তেহরানে নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ মন্তব্য করেন। তিনি বলেন, আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে দুই পক্ষ একটি পর্যায়ে পৌঁছেছে, তবে এটিকে তাৎক্ষণিক চুক্তির ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সম্ভাব্য সমঝোতায় যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, হরমুজ প্রণালিতে চলাচল স্বাভাবিক করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী ধাপের আলোচনা অন্তর্ভুক্ত থাকতে পারে।
সম্প্রতি মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেওয়া হয়। মার্কিন কর্মকর্তারা আশা প্রকাশ করেছিলেন, দ্রুত কোনো সমঝোতার ঘোষণা আসতে পারে। তবে একই সঙ্গে তারা এটিও উল্লেখ করেছেন যে, চুক্তির বিষয়ে অতিরিক্ত প্রত্যাশা তৈরি না করাই ভালো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন, আলোচনা গঠনমূলক পরিবেশে এগোচ্ছে। তবে তিনি স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র কোনো তাড়াহুড়োর মধ্যে নেই এবং প্রয়োজনীয় সময় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, বর্তমান আলোচনাটি পূর্ণাঙ্গ চুক্তির চেয়ে একটি প্রাথমিক কাঠামো তৈরির পর্যায়ে রয়েছে। এতে নিষেধাজ্ঞা শিথিল, জব্দ অর্থ ছাড় এবং পারমাণবিক কর্মসূচির সীমা নির্ধারণের মতো জটিল বিষয়গুলো পরবর্তী আলোচনায় স্থান পেতে পারে।
অন্যদিকে, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি নিয়ে পরিস্থিতি আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলছে। সম্ভাব্য সমঝোতার আশায় সোমবার বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে এবং কয়েকটি এশীয় শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।
তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বিষয়টি নিয়ে মতভেদ দেখা দিয়েছে। রিপাবলিকান পার্টির কয়েকজন প্রভাবশালী নেতা ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়তা দেখানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন :