ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সাঁথিয়ায় পশুর হাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াতে উত্তেজনা, জারি ১৪৪ ধারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০৯:১৪ রাত

সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন হাটসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। এর ফলে আপাতত হাটের কার্যক্রমও বন্ধ রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাঁথিয়া পৌর বাজারসংলগ্ন ইছামতী নদীর তীরবর্তী খোলা জায়গায় কোরবানির পশুর জন্য অস্থায়ী হাট বসানোর উদ্যোগ নেয় পৌরসভা। এ হাটের ইজারা দিতে গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে নিলামের আয়োজন করা হয়। নিলামে অংশ নিতে আগ্রহী ব্যক্তিরা নির্ধারিত জামানত জমা দিলেও বিএনপি ও জামায়াত-সমর্থিত অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে প্রশাসন নিলাম কার্যক্রম স্থগিত করে।

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে পুনরায় নিলামের আয়োজন করা হলে দুই পক্ষের মধ্যে আবারও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএনপির নেতা–কর্মীরা স্থান ত্যাগ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আবদুল করিম অভিযোগ করেন, নিলামে অংশ নিতে গেলে জামায়াতের নেতা–কর্মীদের পক্ষ থেকে তাদের হুমকি ও অসৌজন্যমূলক আচরণের মুখে পড়তে হয়েছে। এ কারণে তারা নিলাম ছাড়াই ফিরে যান।

অন্যদিকে উপজেলা জামায়াতের এক নেতা দাবি করেন, প্রশাসনের একটি অংশের সহযোগিতায় হাটের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, অস্থায়ী পশুর হাট এখনো কাউকে ইজারা দেওয়া হয়নি। হাটকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ঈদুল আজহার আগের দিন রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট এলাকায় পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত, সভা-সমাবেশ, মিছিল, মাইকিং এবং অস্ত্র বহন নিষিদ্ধ থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

 

Link copied!