চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কার্যক্রম জোরদারে তিনটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রায় ১৬ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এই এলাকায় নিরাপত্তা তৎপরতা, প্রশাসনিক নজরদারি এবং স্থানীয় মানুষের যাতায়াত সহজ করতে সড়ক উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে যৌথ বাহিনীর ক্যাম্পে রসদ সরবরাহ ও নিয়মিত কার্যক্রম পরিচালনায় বিদ্যমান কাঁচা ও ঝুঁকিপূর্ণ সড়ক বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে।
প্রশাসনের প্রস্তাব অনুযায়ী, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মাধ্যমে অর্পিত ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) সড়ক নির্মাণকাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে গত ২ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন বলছে, প্রায় ৩ হাজার ১০০ একরজুড়ে বিস্তৃত জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। অতীতে বিভিন্ন অপরাধী চক্রের তৎপরতায় এলাকাটি বহুবার আলোচনায় এসেছে। চলতি বছরের শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানকে কেন্দ্র করে সেখানে সহিংস ঘটনাও ঘটে।
সম্প্রতি ওই এলাকায় একটি নিরাপত্তা ক্যাম্পে হামলা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা কেটে দেওয়ার ঘটনার পর সড়ক উন্নয়নের বিষয়টি আরও জরুরি হয়ে ওঠে। প্রশাসনের মতে, উন্নত যোগাযোগব্যবস্থা থাকলে নিরাপত্তা বাহিনীর দ্রুত উপস্থিতি নিশ্চিত করা সহজ হবে।
প্রস্তাবিত প্রকল্পে মোট তিনটি সড়কের উন্নয়নকাজ অন্তর্ভুক্ত করা হয়েছে, যার সম্মিলিত দৈর্ঘ্য প্রায় সোয়া ছয় কিলোমিটার। এর মধ্যে একটি বড় সংযোগ সড়ক উন্নয়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। বাকি দুটি সড়কের জন্য যথাক্রমে প্রায় ৫ কোটি ও ৩ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, সড়কগুলো পাকা হলে শুধু নিরাপত্তা ব্যবস্থাই নয়, স্থানীয় মানুষের চলাচল ও সেবাপ্রাপ্তিও সহজ হবে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায়ও গতি আসবে।

আপনার মতামত লিখুন :