চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আইন লঙ্ঘন হয়নি বলে দাবি করেছেন তার আইনজীবীরা। তারা বলেন, হাইকোর্টের নির্দেশনা ও আইনজীবী প্রত্যয়নপত্র অনুসরণ করেই রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দিয়েছেন।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরওয়ার আলমগীরের আইনজীবীরা জানান, মঙ্গলবার হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে দ্রুত প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। ওই আদেশের ভিত্তিতেই নির্বাচন কমিশনের বিধি অনুসরণ করে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট রেজাউল করিম রনি বলেন, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায় অনুযায়ী আইনজীবী প্রত্যয়নপত্রের মাধ্যমে আদালতের আদেশ বাস্তবায়ন সম্পূর্ণ বৈধ। ফলে প্রতীক বরাদ্দের প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী বলেন, রিটার্নিং কর্মকর্তা আইন ও বিধিমালার মধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে জেলা প্রশাসন বা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
আইনজীবীরা আরও দাবি করেন, জামায়াত সমর্থিত প্রার্থী নুরুল আমিন একাধিক মামলা করে উদ্দেশ্যমূলকভাবে সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের চেষ্টা করেছেন। তবে সরওয়ার আলমগীর ঋণখেলাপি নন এবং তার ব্যাংক ঋণগুলো নিয়ম অনুযায়ী পরিশোধ বা পুনঃতফসিল করা হয়েছে। এমনকি কয়েকটি ব্যাংক মামলা প্রত্যাহারও করা হয়েছে বলে জানান তারা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা নির্বাচনি পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্রের অংশ।

আপনার মতামত লিখুন :