ঢাকা রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

ভোটাধিকার সচেতনতায় জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৬ বিকাল

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে নারী ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সাতক্ষীরায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, যিনি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নারী ভোটারদের নির্ভয়ে ও সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ লক্ষ্যে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা, যিনি নারী অধিকার, নির্বাচনে স্বাধীন মত প্রকাশের গুরুত্ব এবং গণভোটের আইনগত দিক নিয়ে আলোচনা করেন। জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার জেলা কর্মকর্তা মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই উঠান বৈঠকে সংস্থার সদস্যদের পাশাপাশি স্থানীয় নারী ভোটাররা অংশ নেন। কর্মসূচির শেষে নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন জোরদার করতে অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচনী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং সঠিকভাবে ভোট প্রদানের নিয়মাবলি বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

Link copied!