ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় ভ্যানচালকসহ ৫ জন নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬, ১১:৪৩ দুপুর

ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি ঘটেছে। একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।

শনিবার (৩১ জানুয়ারি) ভোরের দিকে উপজেলার পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন মহাদেবপুর উপজেলার নূরপুর এলাকার বাসিন্দা বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। বাকি তিনজনের পরিচয় এখনও জানা যায়নি।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল একটি ড্রাম ট্রাক। পথিমধ্যে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি একটি ভ্যানকে চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস জানান, ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহতদের ভোর ৫টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় মোট পাঁচজনের প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Link copied!