ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:৫৫ রাত

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বিদায় আগেই নিশ্চিত হলেও শেষ ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়ে বিশ্বকাপ মিশনের ইতি টানে জুনিয়র টাইগাররা।

হারারেতে অনুষ্ঠিত ম্যাচে জিম্বাবুয়ের সামনে জয়ের লক্ষ্য ছিল ২৫৪ রান। কিন্তু বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ৪৮.৪ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক সিমবারাসে মুদজেগেনগেরেরে।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন পেসার ইকবাল হোসেন ইমন। তিনি ২৫ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন। আরেক পেসার আল ফাহাদ নেন ৩টি উইকেট, যা জিম্বাবুয়ের ইনিংস ভেঙে দিতে বড় ভূমিকা রাখে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে তোলে ২৫৩ রান। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ব্যাট থেকে আসে ইনিংসের একমাত্র হাফসেঞ্চুরি। ৮৭ বল মোকাবিলা করে ৬টি বাউন্ডারিতে ৫৯ রান করেন তিনি।

ওপেনিংয়ে রিফাত বেগ দ্রুত শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৪ বলে ১৫ রান করে আউট হন তিনি। অপর ওপেনার জাওয়াদ আবরার ধীরগতির ব্যাটিং করে ৪৮ বলে ২৫ রান সংগ্রহ করেন। কালাম সিদ্দিকীও ব্যর্থ হন, তার ব্যাট থেকে আসে মাত্র ৮ রান।

চতুর্থ উইকেটে অধিনায়ক তামিম ও রিজান হোসেনের ৭৩ রানের জুটি বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। রিজান হাফসেঞ্চুরি থেকে অল্পের জন্য বঞ্চিত হন। তিনি ৬৮ বলে ৪৭ রান করে আউট হন।

শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এক সময় ২১১ রানে ৮ উইকেট হারায় দল। তবে লোয়ার অর্ডারে আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমনের কার্যকর ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় দল। আল ফাহাদ ১৩ বলে ২৩ রানে অপরাজিত থাকেন, শাহরিয়ার করেন ১১ বলে ১৫ রান। ইমন ২ বল খেলেই দুটি বাউন্ডারি হাঁকান।

সব মিলিয়ে শেষ ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শেষ করলো বাংলাদেশ দল।

Link copied!