ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার দুটি আসনে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা সংক্রান্ত আপিল আবেদনের শুনানি শেষ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এসব আপিলের বিষয়ে আদালত আগামী রোববার (১ ফেব্রুয়ারি) আদেশ ঘোষণা করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
এই তিন প্রার্থী হলেন কুমিল্লা–১০ (নাঙ্গলকোট) আসনের মো. আবদুল গফুর ভূঁইয়া ও মো. মোবাশ্বের আলম ভূঁইয়া এবং কুমিল্লা–৪ আসনের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। তাদের প্রার্থিতা ঘিরে নির্বাচন কমিশন ও হাইকোর্টের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে পৃথকভাবে আপিল করা হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। কুমিল্লা–১০ আসনের প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া তার মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল করেন।
একই আসনে বিএনপির আরেক প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার ক্ষেত্রে ভিন্ন পরিস্থিতি তৈরি হয়। তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটে হাইকোর্ট গত ২৫ জানুয়ারি আদেশ দিয়ে ওই সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। পরবর্তীতে তিনি প্রতীক বরাদ্দও পান। তবে ওই আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন, যার শুনানিও একসঙ্গে সম্পন্ন হয়।
অন্যদিকে, কুমিল্লা–১০ আসনে আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকী নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন গত ১৮ জানুয়ারি গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করলে ২২ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়।
কুমিল্লা–৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ক্ষেত্রেও মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত ঘিরে আইনি লড়াই চলছে। প্রাথমিকভাবে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে আপিল করেন। অভিযোগে বলা হয়, ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপন করে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
নির্বাচন ভবনে শুনানি শেষে ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন ওই আপিল মঞ্জুর করে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাতিল করে। এরপর তিনি হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি সেটিও খারিজ হয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে করা তার লিভ টু আপিলের শুনানিও বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
সব মিলিয়ে তিন প্রার্থীর প্রার্থিতা সংক্রান্ত এসব গুরুত্বপূর্ণ আপিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে আগামী রোববার। আদালতের আদেশের দিকে এখন তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও নির্বাচনী এলাকার ভোটাররা।

আপনার মতামত লিখুন :