ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের পক্ষে অবস্থান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৪ দুপুর

ছবি: সংগৃহীত

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলাকে রাজনীতির হাতিয়ার বানানো উচিত নয়। তবে বাংলাদেশের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তার প্রতিবাদ জানানো পাকিস্তানের নৈতিক দায়িত্ব। সে কারণেই ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এটি কোনো আবেগী সিদ্ধান্ত নয়, বরং ভেবেচিন্তে নেওয়া একটি অবস্থান। তিনি আরও বলেন, বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোই এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত বলে তিনি মনে করেন।

এর আগে গত রোববার এক সরকারি বিবৃতিতে পাকিস্তান জানায়, তারা বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচে মাঠে নামবে না। তখন সিদ্ধান্তের পেছনের কারণ স্পষ্ট করা হয়নি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্যের মাধ্যমে এই প্রথমবার প্রকাশ্যে বয়কটের কারণ ব্যাখ্যা করা হলো।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে পাকিস্তান সরকারের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতিক্রিয়া জানায়। সংস্থাটি পিসিবিকে সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করার আহ্বান জানিয়ে বলে, এমন সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট কাঠামোকেও প্রভাবিত করতে পারে।

পিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বিষয়টি জানিয়েছে কি না, কিংবা দুই পক্ষের মধ্যে কোনো আলোচনার অগ্রগতি হয়েছে কি না—তা এখনো নিশ্চিত নয়।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার জাতীয় দলকে ভারতে পাঠানোর অনুমতি না দেওয়ায় বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। বাংলাদেশ পুরো টুর্নামেন্ট ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে আইসিসি সেই প্রস্তাব গ্রহণ না করে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পরই বিশ্ব ক্রিকেটে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

Link copied!