ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
অংশগ্রহণ ৬০.২৬ শতাংশ

জুলাই সনদ গণভোটে ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮০ লাখের বেশি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৭ দুপুর

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার ‘হ্যাঁ’ সূচক মত দিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, ‘হ্যাঁ’ পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। বিপরীতে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, দেশের ২৯৯টি আসনে একযোগে এই গণভোট অনুষ্ঠিত হয় এবং মোট ভোটার উপস্থিতির হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সমন্বয় করে বৃহস্পতিবার এই গণভোট আয়োজন করা হয়। ব্যালটে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতি চাওয়া হয় এবং ভোটারদের ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে মতামত দিতে বলা হয়।

গণভোটে যে প্রশ্নটি রাখা হয়েছিল তা হলো—আপনি কি জুলাই ‘জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সেখানে উল্লেখিত সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন?

ব্যালটে অন্তর্ভুক্ত চারটি মূল বিষয়ের মধ্যে ছিল—

প্রথমত, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন জুলাই সনদে নির্ধারিত প্রক্রিয়ায় সম্পন্ন হবে।

দ্বিতীয়ত, জাতীয় সংসদকে দুই কক্ষবিশিষ্ট করার প্রস্তাব। এর আওতায় সাধারণ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে।

তৃতীয়ত, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্টকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা সম্প্রসারণ, মৌলিক অধিকার বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার শক্তিশালীকরণসহ মোট ৩০টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ভবিষ্যৎ সরকারগুলোকে বাধ্যবাধকতার আওতায় আনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

চতুর্থত, জুলাই সনদে উল্লিখিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়নের অঙ্গীকার।

নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোটের চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে নির্ধারিত সময় অনুযায়ী।

Link copied!