ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশজুড়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সব উপকরণ। নির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ফলাফল শিটসহ প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর শুরু করেন। পর্যায়ক্রমে এসব উপকরণ সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
ভোটার ১২ কোটির বেশি
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ভোট নেবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা
ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনায় মাঠে থাকবেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। এদের মধ্যে প্রিজাইডিং কর্মকর্তা ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং কর্মকর্তা ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ঢাকা ও চট্টগ্রামের দুই বিভাগীয় কমিশনার, ৬৪ জন জেলা প্রশাসক এবং তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এছাড়া ৫৯৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে রয়েছেন।
অংশ নিচ্ছে ৫০টি দল
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোট স্থগিত করেছে কমিশন; পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করে সেখানে নির্বাচন সম্পন্ন করা হবে।
নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। দলীয় প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৫৫ জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৩ জন।
প্রার্থীদের মধ্যে নারী রয়েছেন ৮৩ জন—এর মধ্যে ৬৩ জন দলীয় এবং ২০ জন স্বতন্ত্র। পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৪৬ জন। এদের মধ্যে ১ হাজার ৬৯২ জন দলীয় এবং ২৫৩ জন স্বতন্ত্র প্রার্থী।
সব প্রস্তুতি শেষে এখন ভোটের দিনের অপেক্ষা। নির্বাচন কমিশন আশা করছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

আপনার মতামত লিখুন :