ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিপুল ভোটে বিজয়ের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিকে কেবল ব্যক্তিগত বা দলীয় সাফল্য নয়, বরং দেশের মানুষের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পথ পেরিয়ে এই ফলাফল এসেছে বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর অর্জিত এই সাফল্য বাংলাদেশের মানুষের বিজয়। তিনি ১৯৭১ সালের শহীদদের স্মরণ করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ইলিয়াস আলী, সুমনসহ প্রয়াত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে সাম্প্রতিক সময়ের শহীদদেরও স্মরণ করেন তিনি।
বিএনপি মহাসচিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সাধারণ জনগণের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজের পরিবারের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকাও উল্লেখ করেন।
জয়ের পরপরই তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানান। কেন্দ্রীয় নির্দেশনার কথা উল্লেখ করে তিনি শুক্রবার সব ধরনের বিজয় মিছিল থেকে বিরত থাকার অনুরোধ করেন। পরিবর্তে জুমার নামাজের পর নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, এই বিজয়ের মাধ্যমে দায়িত্ব আরও বেড়ে গেছে। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বিএনপি এগিয়ে রয়েছে।

আপনার মতামত লিখুন :