ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের ঘোষণা জামায়াত আমিরের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫১ দুপুর

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি দল শুরু থেকেই প্রতিশ্রুতিবদ্ধ এবং সে অবস্থান থেকে তারা সরে যায়নি।

শুক্রবার দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। সেখানে তিনি বলেন, নির্বাচনের সামগ্রিক ফলাফলকে দল স্বীকৃতি দিচ্ছে এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছে।

পোস্টে শফিকুর রহমান উল্লেখ করেন, গত কয়েক মাসে অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থক নিরলস পরিশ্রম করেছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অনেকেই সময়, শ্রম ও বিশ্বাস উৎসর্গ করেছেন; কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির মুখোমুখিও হয়েছেন। তাঁদের সাহসিকতা গণতন্ত্রকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে কেউ কেউ হতাশ হতে পারেন, তবে তাঁদের প্রচেষ্টা বিফলে যায়নি। এবারের নির্বাচনে ৭৭টি আসনে জয়লাভের মধ্য দিয়ে সংসদে দলের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে জামায়াত একটি শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি এটিকে ধাক্কা নয়, বরং ভবিষ্যৎ পথচলার ভিত্তি হিসেবে অভিহিত করেন।

রাজনীতির গতিপথ পরিবর্তনশীল উল্লেখ করে তিনি উদাহরণ টেনে বলেন, ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাত্র ৩০টি আসনে সীমিত ছিল, অথচ দীর্ঘ ১৮ বছর পর ২০২৬ সালে দলটি সরকার গঠনের পথে রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ প্রক্রিয়া; এখানে আস্থা অর্জন, জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়াই মূল চ্যালেঞ্জ।

নেতৃত্বের প্রকৃত মূল্যায়ন শুধু নির্বাচনী প্রচারণায় নয়, বরং জনগণের রায় কীভাবে গ্রহণ করা হয়—তার ওপর নির্ভর করে বলেও মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান আরও বলেন, তাঁদের আন্দোলন কখনও এককভাবে কোনো নির্বাচনের জন্য ছিল না; বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার সুরক্ষা এবং ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই দলটির লক্ষ্য। তিনি আশ্বস্ত করেন, জামায়াত সংসদে নীতিনিষ্ঠ, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখবে।

Link copied!