ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক প্রাপ্ত ভোটের হিসাবে শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি তাদের নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে ২৯০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট অর্জন করেছে।
নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি দাঁড়িপাল্লা প্রতীকে ২২৭টি আসনে প্রার্থী দিয়ে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।
ভোটের হারে তৃতীয় স্থানে রয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ দশমিক শূন্য ৫ শতাংশ ভোট পেয়েছে।
একই জোটের আরেক শরিক বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে ৩৪টি আসনে প্রার্থী দিয়ে পেয়েছে ২ দশমিক শূন্য ৯ শতাংশ ভোট।
এদিকে জাতীয় পার্টি (জাপা) লাঙ্গল প্রতীকে ১৯৯টি আসনে অংশ নিয়ে পেয়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট।
চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম-এর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭টি আসনে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ ভোট।
নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। অন্যান্য দলগুলোর ভোটের হার ১ শতাংশের নিচে রয়েছে। এসব দলের মধ্যে আছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), গণফোরাম ও নাগরিক ঐক্য।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করে।

আপনার মতামত লিখুন :