মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর এক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এক অনুষ্ঠানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তাঁকে নোবেল পুরস্কারের উপযুক্ত ব্যক্তি বলে মন্তব্য করেন।
মঙ্গলবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
শওকতুল ইসলাম শকু বলেন, দেশের নেতৃত্বে তারেক রহমানের ভূমিকা ও কর্মতৎপরতা আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসার দাবি রাখে। তিনি দাবি করেন, বিশ্বব্যাপী নেতৃত্ব মূল্যায়নের ক্ষেত্রে নোবেল পুরস্কারের মতো কোনো স্বীকৃতি দেওয়া হলে তারেক রহমান সেই সম্মানের যোগ্য হতে পারেন।
বক্তব্যে তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দল ও সরকার এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন এই সংসদ সদস্য।
অনুষ্ঠানে তিনি তারেক রহমানকে শুধু বাংলাদেশের নয়, বিশ্বপরিসরের একজন নেতা হিসেবেও আখ্যায়িত করেন। তাঁর এই বক্তব্য অনুষ্ঠানস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেললেও পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ বুরহান উদ্দিন ময়েজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :