ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬

স্বাস্থ্যসেবার উন্নয়নে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস প্রবাসীকল্যাণ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১০:২০ রাত

সংগৃহীত

সিলেট ডায়াবেটিক হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার বিকেলে হাসপাতাল পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, সিলেট অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের জন্য ডায়াবেটিক হাসপাতালটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা দিয়ে আসছে। প্রবাসীদের অবদান এবং স্থানীয় জনগণের সহযোগিতায় প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের আধুনিকায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে রোগীরা আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, উন্নত অবকাঠামো ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করাও জরুরি। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের আন্তরিকতা রোগীদের সুস্থতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় উপস্থিত চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং সেবার পরিধি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি ও প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন মন্ত্রী।

সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম.এ. আহবাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। এছাড়া হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারি সহায়তা ও সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে সিলেট ডায়াবেটিক হাসপাতাল ভবিষ্যতে আরও বড় পরিসরে জনগণকে সেবা দিতে সক্ষম হবে।

Link copied!