ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তদন্তে উঠে এলো অব্যবস্থাপনা, আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা শিগগিরই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০৮:০৮ রাত

সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতালটির পরিচালনা ও সেবাব্যবস্থায় গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের ভবন ও চিকিৎসা পরিবেশ প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেনি এবং দায়িত্বশীলদের অবহেলা এ ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনের বিভিন্ন তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতালের চিকিৎসক, নার্স এবং প্রশাসনের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট পোস্ট-অপারেটিভ কক্ষে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা ছিল না। দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকায় সেখানে অক্সিজেনের ঘাটতি এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়। এছাড়া কক্ষটির ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি মানুষ অবস্থান করছিলেন।

তদন্তে আরও দেখা গেছে, নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও দায়িত্বপ্রাপ্ত সেবিকারা যথাযথ পদক্ষেপ নেননি। অভিভাবকদের অভিযোগেও দ্রুত সাড়া দেওয়া হয়নি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করা যায়নি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতাল পরিচালনার মৌলিক শর্তগুলো মানার ক্ষেত্রেও প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রশিক্ষণও কর্মীদের ছিল না।

ঘটনার পর সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান তিনি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ঘটনার পর সারা দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে নতুন হাসপাতালের অনুমোদনের ক্ষেত্রে অবকাঠামোগত নিরাপত্তা ও পরিবেশগত মানদণ্ড কঠোরভাবে যাচাই করা হবে।

তিনি বলেন, মানুষের জীবন নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না এবং স্বাস্থ্যসেবায় জবাবদিহি নিশ্চিত করতে সরকারের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!