দেশের কৃষিখাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, কৃষকের উন্নয়ন নিশ্চিত করতে সরকার কৃষিবান্ধব নীতি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
সোমবার (২৫ মে) কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে কৃষক গ্রুপের মধ্যে ধান কাটার যন্ত্র, ভুট্টা মাড়াই যন্ত্র, ক্যানভাস পাইপ, হ্যান্ড স্প্রেয়ার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, কৃষকের আর্থিক নিরাপত্তা জোরদার, উৎপাদন ব্যয় কমানো, কৃষি যান্ত্রিকীকরণ বাড়ানো এবং সেচ সুবিধা সম্প্রসারণে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও কাজ চলছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করতে হলে কৃষকের অবস্থান সুদৃঢ় করা জরুরি। কৃষক লাভবান হলে সামগ্রিক অর্থনীতিও ইতিবাচকভাবে এগিয়ে যাবে।
কৃষিমন্ত্রী জানান, আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে ইউনিয়নভিত্তিক কৃষক সংগঠনের মাধ্যমে কৃষিযন্ত্র সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
সেচ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, খাল পুনঃখনন ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে বর্ষাকালে জলাবদ্ধতা কমবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়বে।
অনুষ্ঠানে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কৃষকদের সমস্যার দ্রুত সমাধানে স্থানীয় পর্যায়ে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা বাড়াতে হবে।
এর আগে সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একটি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশের কোনো জমি বা জলাশয় অনাবাদি রাখা হবে না। খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে সব ধরনের উৎপাদনক্ষম সম্পদ ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

আপনার মতামত লিখুন :