টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ—এমন আলোচনা চলার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদল-বদলের প্রস্তাব দিয়েছিল বলে জানা গেছে। তবে এই প্রস্তাবে সাড়া দেয়নি ক্রিকেট আয়ারল্যান্ড। তারা জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নির্ধারিত সূচি অনুযায়ী শ্রীলঙ্কা থেকেই আয়ারল্যান্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেন, নির্ধারিত সূচি থেকে তাদের ম্যাচ সরানো হবে না—এ বিষয়ে তারা চূড়ান্ত আশ্বাস পেয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, আয়ারল্যান্ড নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচ খেলবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে রয়েছে আয়ারল্যান্ড। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। গ্রুপটির সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ক্যান্ডি ও কলম্বোতে।
অন্যদিকে গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির সঙ্গে। এই গ্রুপের ম্যাচগুলো হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। তবে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারত সফরে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ।
এই পরিস্থিতিতে শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে এক বৈঠকে বিসিবি, সীমিত লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব তোলে। বিসিবির মতে, এতে করে টুর্নামেন্টের সামগ্রিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন ছাড়াই সমস্যার সমাধান সম্ভব হতে পারে।
বিসিবির এক বিবৃতিতে জানানো হয়, সর্বনিম্ন লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে অন্য একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে খেলোয়াড়, দর্শক, গণমাধ্যমকর্মী ও কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আনুষ্ঠানিক অনুরোধও পুনর্ব্যক্ত করা হয়েছে।
এ বিষয়ে আগামী দিনগুলোতে আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বিসিবি ও আইসিসি উভয় পক্ষই সম্মত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুন :