ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬

স্থিতিশীলতা ফিরছে, ধীরে ধীরে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ১১:৪৬ রাত

সংগৃহীত

দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাবাহিনী ধীরে ধীরে নিয়মিত দায়িত্বে ফিরছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দীর্ঘ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পর এখন সেনাসদস্যদের মূল মনোযোগ থাকবে প্রশিক্ষণ, শৃঙ্খলা ও যুদ্ধ প্রস্তুতি ধরে রাখার ওপর।

বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে আয়োজিত ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

তিনি জানান, ২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনের সময় সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সদস্যরা ধাপে ধাপে ব্যারাকে ফিরে যাচ্ছেন। তবে প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সেনাপ্রধান বলেন, একটি পেশাদার বাহিনী হিসেবে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব যুদ্ধের প্রস্তুতি বজায় রাখা, শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের সক্ষমতা বাড়ানো। সেই লক্ষ্যেই এখন প্রশিক্ষণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় মাঠে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যদের দক্ষতা কমেনি। সাম্প্রতিক ফায়ারিং প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ ও পারফরম্যান্স সেনাবাহিনীর পেশাগত সক্ষমতার প্রমাণ বহন করে।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলকে অভিনন্দন জানান সেনাপ্রধান এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন। সেনাবাহিনী সূত্র জানায়, গত ১৬ মে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন, স্বতন্ত্র ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়। এতে ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হয়।

 

Link copied!