রাজধানীর মিরপুরে আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করে স্বল্প সময়ের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঘটনার প্রধান আসামি ও তার সহযোগীকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, মামলার প্রধান আসামি সোহেল ইতোমধ্যে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সরকার এ ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত গুরুতর অপরাধগুলোর ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। ধর্ষণ ও হত্যার মতো ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তার এবং তদন্ত সম্পন্নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ‘প্রো-অ্যাকটিভ’ ও ‘রি-অ্যাকটিভ’—উভয় ধরনের কৌশলে কাজ করছে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস ঠেকাতে প্রতিরোধমূলক অভিযান চলমান রয়েছে। একই সঙ্গে সংঘটিত অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগও জোরদার করা হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কয়েকটি আলোচিত মামলার অগ্রগতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, কুমিল্লার তনু হত্যা মামলাসহ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনায় নতুনভাবে তদন্ত জোরদার করা হয়েছে।
এ ছাড়া রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনার তথ্যও জানান তিনি। তার ভাষ্য, ঢাকার কয়েকটি এলাকায় চিরুনি অভিযান ও ব্লক রেইড চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ও অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :