ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬
রামিসা হত্যা

রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী, দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতে আশ্বাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ১১:২২ রাত

সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার হত্যা ও ধর্ষণের ঘটনায় তার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকাহত স্বজনদের সান্ত্বনা দিয়ে তিনি দ্রুত তদন্ত সম্পন্ন এবং ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী সরাসরি পল্লবীতে রামিসার বাসায় যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকায় ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া প্রধান আসামি সোহেল রানার প্রাথমিক জবানবন্দিতে হত্যার আগে শিশুটিকে ধর্ষণের তথ্য উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে বুধবার রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে রামিসার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। ঘটনাটি ঘিরে দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Link copied!