গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে সংঘর্ষের একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশের পরপরই শিক্ষার্থীদের একটি অংশ এ সিদ্ধান্তের বিরোধিতা শুরু করে।
শিক্ষার্থীরা দাবি করেন, ডুয়েটের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দেওয়া উচিত। তাঁদের মতে, প্রতিষ্ঠানের শিক্ষা কাঠামো, একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা বেশি থাকায় অভ্যন্তরীণ কাউকে দায়িত্ব দিলে তা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহায়ক হবে।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে শিক্ষার্থীরা ‘লাল কার্ড’ ব্যানারে বিক্ষোভে অংশ নেন। এ সময় পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের হামলায় তাঁদের কয়েকজন আহত হয়েছেন এবং অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও নিশ্চিত করেন তিনি।
পরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী প্রতিনিধি ও পুলিশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :