ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬
৮ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট

স্লো ওভার রেটের শাস্তিতে বড় ধাক্কায় পাকিস্তান, কাটা গেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬, ০৮:৩৩ রাত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে হারের পর আরও বড় বিপদে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। স্লো ওভার রেটের কারণে দলটিকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ আটটি পয়েন্টও হারাতে হয়েছে পাকিস্তানকে।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের তুলনায় আট ওভার কম করেছিল পাকিস্তান। বিষয়টি পর্যালোচনার পর আইসিসির ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তির সিদ্ধান্ত দেন। সময়ের বিভিন্ন ছাড় বিবেচনায় নেওয়ার পরও পাকিস্তান প্রয়োজনীয় ওভার সম্পন্ন করতে ব্যর্থ হয় বলে জানানো হয়েছে।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত ওভারের ঘাটতির জন্য প্রতি ওভারে খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। সেই হিসাবে পাকিস্তান দলের ক্রিকেটারদের ম্যাচ ফির মোট ৪০ শতাংশ কেটে নেওয়া হবে।

শুধু আর্থিক জরিমানাই নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুসারে প্রতি ওভার কম করার জন্য এক পয়েন্ট করে কাটা যায়। ফলে পাকিস্তানের মোট আট পয়েন্ট কমে গেছে, যা টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে বড় প্রভাব ফেলতে পারে।

বিশেষ করে পয়েন্ট টেবিলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে ওঠায় প্রতিটি পয়েন্ট এখন গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে আট পয়েন্ট হারানো পাকিস্তানের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

আইসিসি জানিয়েছে, পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ স্লো ওভার রেটের বিষয়টি স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এজন্য আলাদা কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এই অভিযোগ আনেন ম্যাচের অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলবরো ও কুমার ধর্মসেনা। তাদের সঙ্গে ছিলেন তৃতীয় আম্পায়ার আলাউদ্দিন পালেকর এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।

 

Link copied!